কুয়াকাটা সমুদ্র সৈকতে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ঢেউয়ের তোড়ে সৈকতের বেশ কিছু ব্লক সরে গেছে। ভাঙনের ঝুঁকিতে পড়েছে ট্যুরিজম পার্ক, মসজিদ, মন্দির ও ট্যুরিস্ট পুলিশ বক্সসহ মেরিন ড্রাইভ। ২৫ বছরে সৈকতের প্রায় আড়াই কিলোমিটার এলাকা সাগরে বিলীন হলেও নির্মাণ হয়নি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ।
২০০০ সাল থেকেই কুয়াকাটা সৈকতে ভাঙন শুরু হয়। ২০০৫ থেকে ২০১০ সালের দিকে যা ভয়াবহ রূপ নেয়। কয়েক বছরের ভাঙনে বিলীন হয় নারিকেল বাগান, শাল বাগান, বিস্তীর্ণ ঝাউবন ও ইকোপার্কসহ অনেক স্থাপনা।
চলতি বছরও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। উত্তাল ঢেউয়ের তোড়ে সৈকতের পশ্চিম পাশের বেশ কিছু ব্লক সরে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ট্যুরিজম পার্ক, মসজিদ, মন্দির, ট্যুরিস্ট পুলিশ বক্সসহ মেরিন ড্রাইভ। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ আলম বলেন, ‘ভাঙন রোধে সৈকতের জিরো পয়েন্টসহ বেশ কয়েকটি স্থানে অস্থায়ীভাবে বালুভর্তি জিও টিউব ফেলা হয়েছে। স্থায়ী রক্ষাবাঁধ নির্মাণে ৭৫৯ কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে বছরে গড়ে ৭ লাখ পর্যটক কুয়াকাটায় যান।