প্রশ্ন কমন না পড়ায় কেন্দ্র ভাঙচুর পরীক্ষার্থীদের, আহত ১০

ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মহিউদ্দিন বাচ্চু জানান, শনিবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়া এবং পরীক্ষা কক্ষে দায়িত্ব পালনকারী শিক্ষকদের অতিরিক্ত কড়াকড়ির অভিযোগ তুলে একদল পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে। পরীক্ষা শেষে তারা কেন্দ্রের বাইরে বিক্ষোভ করেন এবং শিক্ষকদের অবরুদ্ধ করার চেষ্টা চালান। একপর্যায়ে বিক্ষোভকারীরা কেন্দ্রে ভাঙচুর চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে