বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে উচ্ছ্বাসের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে ঘরটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনের সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বদ্ধ দরজা ভেঙে ভেতর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল গণমাধ্যমকে বলেন, ‘মরদেহের সার্বিক অবস্থা বিবেচনা করে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন এবং তদন্তের পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।’