কুয়াকাটায় মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলা, আহত ১২ জেলে

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে জলদস্যুরা।

এ ঘটনায় ট্রলারটির অন্তত ১২ জন জেলে আহত হয়েছেন। আহতদের মধ্যে জিহাদ, রিপন ও শামিমকে কুয়াকাটা হাসপাতালে এবং গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুবকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বুধবার ভোর ৪টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ২৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর সাগরের খাম্বা বয়া বাতি এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলেদের সবার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায়।

ট্রলারের মালিক ইব্রাহিম জানান, গত বৃহস্পতিবার ১৪ জন জেলেকে নিয়ে এফবি মিম ট্রলারটি চরফ্যাশন থেকে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরা শেষে তীরে ফেরার পথে একটি জলদস্যুদের ট্রলার এসে তাদের ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। পরে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র জলদস্যু দল ট্রলারে উঠে দেশীয় অস্ত্র দিয়ে জেলেদের ওপর হামলা চালিয়ে মাছ, জাল, জ্বালানি তেলসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ‘ঘটনাস্থলটি নৌ-পুলিশের নিয়মিত টহল এলাকার বাইরে। এরপরও আহত জেলেদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’