পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এসময় প্রবাসীর ছেলে নাইমের (২২) পায়ে গুলি করে ডাকাতদল। এছাড়া তার পুত্রবধূ রেজবি (১৮) ও স্ত্রী রুমা বেগমের (৪০) হাত পা বেঁধে বেধড়ক মারধর ও তার শিশু সন্তান তাসফির (২) মাথায় পিস্তল ঠেকিয়ে রাখা হয়।
শুক্রবার ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ডাকাতি হয়।
পরিবারটির অভিযোগ, ডাকাতরা ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আইফোন লুটে নেয়। ঘটনার পর পরই স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সবাইকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) হাসপাতালে পাঠান।
প্রবাসী মাহিনের স্ত্রী রুমা বেগম জানান, তার স্বামী মালয়েশিয়ায় অবস্থান করছেন। তারা রাতের খাবার খেয়ে ঘরের সব সদস্য ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার দিকে ৫ থেকে ৬ জনের ডাকাতদল তাদের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে। বাইরে ডাকাতদলের আরও কয়েকজন সদস্য ছিল। পরে তাদের সবাইকে হাত ও পা বেঁধে বেধড়ক মারধর করে এবং পুত্রবধূকে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় তার ছেলে নাইম বাঁধা দিলে তার পায়ের হাঁটুর ওপরে গুলি করে। এরপরে তার শিশু সন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা ও একটি আই ফোন লুটে নিয়ে চলে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।