ঝালকাঠির রাজাপুরে বেদুরিয়া নদীর ব্রিজ থেকে পড়ে পানিতে ডুবে নিখোঁজের একদিন পর নূর হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি বাজার এলাকার বেদুরিয়া নদীর ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নূর হোসেন গালুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হানিফ আকনের ছেলে। জানা গেছে, তিনি এপিলেপসি (মৃগী) রোগে আক্রান্ত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় পুটিয়াখালি এলাকার বেদুরিয়া নদীর ব্রিজের ওপর ছিলেন নূর হোসেন। একপর্যায়ে তিনি ব্রিজ থেকে নদীর পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে সন্ধ্যায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, নূর হোসেন এপিলেপসি রোগে আক্রান্ত ছিলেন। বুধবার সন্ধ্যায় ব্রিজ থেকে পড়ে তিনি নদীতে নিখোঁজ হন। এরপর থেকে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধারে চেষ্টা চালান।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বেদুরিয়া নদীর ব্রিজের নিচ থেকে নূর হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।