পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিলে হঠাৎ করে ছাত্রলীগ ও যুবলীগের স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার আমখোলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচিতে শুরুতে স্বাভাবিকভাবেই মিছিল চলছিল। তবে একপর্যায়ে মিছিল থেকে ‘ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন—যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান শোনা যায়, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে তাৎক্ষণিক বিস্ময়ের সৃষ্টি করে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, মিছিলের শুরুতে কোনো ধরনের সমস্যা ছিল না। পরবর্তীতে হঠাৎ করেই ওই স্লোগানটি উচ্চারিত হয়।
এ বিষয়ে গলাচিপা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ বলেন, ‘ভুলবশত হঠাৎ করে মুখ ফসকে দলের নাম বলতে গিয়ে লীগের নাম বলে ফেলেছি। এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। আমি এ জন্য অনুতপ্ত এবং ভবিষ্যতে এমন ভুল আর হবে না।’
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছাত্র নেতা আহসান ইমরান বলেন, ‘স্লোগানটি অনাকাঙ্ক্ষিতভাবে দেওয়া হয়েছে। এটি ইচ্ছাকৃত ছিল না।’
আমখোলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিদ্দিক গাজী বলেন, ‘আমরা নিজেদের দলীয় কর্মসূচি পালন করেছি। সেখানে অন্য দলের লোকজন আসার প্রশ্নই ওঠে না। ভুলবশত এমনটি হয়ে থাকতে পারে।’
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।