পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে ১০ জন শিক্ষার্থী। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷ পরে বিকাল সাড়ে তিনটার দিকে তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর একইভাবে চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। ফের একই ঘটনার কারণে এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবু্বুল্লাহ বলেন, ‘দুপুর একটার দিকে পাঠদান চলাকালীন জাকিয়া নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী হঠাৎ পেট ব্যথা, পা ঝি ঝি ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে একের পর এক আরও ৯ শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ সবাই মেয়ে শিক্ষার্থী।’
কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পলি সাহা বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা সবাই মাক্স সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন রোগে আক্রান্ত হয়েছে। তবে সবাই শঙ্কা মুক্ত রয়েছে।’