বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বরগুনায় রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও কৃষক লীগের দুই নেতাসহ আওয়ামী লীগ-সমর্থিত এক সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনা জেলা যুবলীগের সহসভাপতি মো. আরিফ হোসেন মোল্লা, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন এবং বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবিরুর রহমান ওরফে কবির।

পুলিশ জানায়, যুবলীগ ও কৃষক লীগের দুই নেতা একটি ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে, সাবেক কাউন্সিলর কবিরুর রহমান একই মামলার সন্দেহভাজন আসামি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, থানায় আগে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজন এজাহারনামীয় আসামি এবং অপরজন সন্দেহভাজন আসামি। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।