বন্ধুর জানাজায় নীরবে দাঁড়িয়ে শেষ বিদায় জানালেন সনাতন ধর্মের সুরেশ

ধর্ম আলাদা, কিন্তু বন্ধুত্বের বন্ধন ছিল অটুট। জীবনের শেষ বিদায়েও বন্ধুকে একনজর দেখতে ছুটে এলেন সনাতন ধর্মের বাল্যবন্ধু সুরেশ। মুসলিম বন্ধু হাকিম ডাকুয়ার জানাজা চলছিল নিচে। আর ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায়ের দৃশ্য দেখছিলেন তিনি। দুই ভিন্ন ধর্মের মানুষের এমন মানবিক বন্ধুত্বের দৃশ্য ছুঁয়ে গেছে স্থানীয়দের হৃদয়।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের। বার্ধক্যজনিত কারণে কৃষক হাকিম ডাকুয়ার (৭০) মৃত্যু হলে খবর পেয়ে ছুটে আসেন তাঁর দীর্ঘদিনের বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০)। বন্ধুর জানাজার স্থানে উপস্থিত হলেও ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে জানাজায় অংশ না নিয়ে ব্রিজের ওপর এক পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

এ সময় অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায় দেখছিলেন সুরেশ। শৈশব থেকে গড়ে ওঠা বন্ধুত্বের স্মৃতি আর প্রিয় বন্ধুকে হারানোর বেদনা যেন তাঁর নীরব উপস্থিতিতেই ফুটে উঠছিল। শেষবারের মতো বন্ধুকে দেখার আকুলতা নিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি।

বন্ধুর জানাজায় অশ্রুসিক্ত বীর মুক্তিযোদ্ধা সুরেশ। ছবি: ইনডিপেনডেন্টস্থানীয়দের কাছে সুরেশের এই উপস্থিতি হয়ে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত। তাঁদের মতে, ধর্মীয় পরিচয় আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা ও বন্ধুত্বের কোনো ধর্মীয় সীমানা নেই।

মৃত্যু কেড়ে নিয়েছে হাকিম ডাকুয়াকে, কিন্তু দুই বন্ধুর দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতি রয়ে যাবে মানুষের মনে। সুরেশের নীরব উপস্থিতি যেন আবারও মনে করিয়ে দিল, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ধর্মের পরিচয়ের ঊর্ধ্বে।

সুরেশ বলেন, ‘বন্ধুত্বের টানেই আমি এখানে আসছি। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিল। ছোট বেলা থেকেই আমরা একসাথে চলাফেরা করেছি। তিনি আমার জুনিয়র, কিন্তু ছোট বেলা থেকেই আমরা বন্ধুত্বপূর্ণভাবে চলেছি।’