বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির দপদপিয়া চৌমাথা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গ্রিনভিউ পরিবহন নামের একটি বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
আজ বৃহস্পতিবার দুপুরে দপদপিয়া চৌমাথা অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে আবির আব্দুল্লাহ পরিবহন নামের একটি বাসের সঙ্গে গ্রিনভিউ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই গ্রিনভিউ পরিবহনের হেলপারের মৃত্যু হয়। আহত হন অন্তত ২৫ জন যাত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠান।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করেছে পুলিশ। নিহত হেলপারের পরিচয়ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।