মরিচ বিক্রি নিয়ে মারামারি, ছুরিকাঘাতে সবজি বিক্রেতা নিহত

প্রতীকী ছবিবরিশাল নগরীর কাশিপুর বাজারে কম দামে মরিচ বিক্রি নিয়ে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মো. কামাল হোসেন (৩৮) নগরীর ২৮ নম্বর ওয়ার্ড কাশিপুরের সৈয়দপুর এলাকার এসকান্দার সর্দারের ছেলে। আহতরা হলেন কাশিপুরের তিনু মাঝির ছেলে মো. আলমগীর হোসেন (৪০), তাঁর ভাই মো. জাহাঙ্গীর হোসেন (৪৫) ও মো. জয়নাল আবেদীন (৩৫)।

আজ শনিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন। হামলাকারী মো. সোহেল রানাও (৫০) একজন সবজি বিক্রেতা। তিনি নগরীর কাশিপুর ইছাকাঠি এলাকার সোনাবুদ্দিনের ছেলে।

ভিডিও দেখুন:

ঘটনার পর হামলাকারীকে হেফাজতে নিয়েছে পুলিশ।  পুলিশ প্রহরায় শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তিনি। 

আহতদের স্বজনেরা জানিয়েছে, ভ্যান গাড়িতে মাইকিং করে কম দামে সবজি ও কাঁচা মরিচ বিক্রি করছিলেন সোহেল রানা। বাজারের ব্যবসায়ীরা এর প্রতিবাদ করে। এ নিয়ে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে।  এতে একজন নিহত ও চারজন আহত হন।