খাগড়াছড়ির পানছড়িতে নির্মাণাধীন সীমান্ত সড়কে দুর্বৃত্তের গুলিতে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন- পানছড়ি উপজেলার দমদম এলাকার আবুল কাশেমের ছেলে আবদুল রশিদ (৩৭) এবং মধ্যনগর এলাকার মধু শাহর ছেলে আঙ্গুর মিয়া (৩৪)।
পুলিশ জানায়, নির্মাণাধীন সীমান্ত সড়কের দুর্গম হারুবিল এলাকায় কাজ শেষ করে একটি ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে দুজন পানছড়িতে ফিরছিলেন। চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালালে তারা গুলিবিদ্ধ হয়ে সড়কে পড়ে যান। তাদের শরীরের বিভিন্ন অংশের গুলি লাগে। পরে খবর পেয়ে লোগাং-৩ বিজিবি জোনের সদস্যরা তাদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
পানছড়ি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. পারভেজ জানান, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ দুজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পানছড়ি থানার ওসি মো. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে তারা আহত হয়েছেন। তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে।’