ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেলে রাখা লোহার ত্রিভুজ আকৃতির অ্যাঙ্গেলে চাকা আটকে ৮০টির মতো যানবাহন বিকল হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত মহাসড়কের সীতাকুণ্ড-মিরসরাই অংশের ২৯ কিলোমিটার এলাকাজুড়ে এসব যানবাহন বিকল হয়।
পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাই এলাকায় পড়ে ছিল লোহার ত্রিভুজ আকৃতির অ্যাঙ্গেল। ধারালো এসব লোহার পাতে চাকা আটকে ৮০টির মতো যানবাহন বিকল হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম জেলার মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, ‘মিরসরাই অংশে ৫০টি গাড়ি বিকল হয়ে পড়ে। এ ঘটনায় সন্দেহভাজন এক ওয়েল্ডিং মিস্ত্রিকে আটক করা হয়েছে।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি নজরে আসে শুক্রবার রাত ১০টার দিকে। সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ বোস্তামী সংযোগ সড়কে ত্রিকোণ আকৃতি লোহার টুকরা গেঁথে চাকা পাংচার হয়ে অন্তত ২০টি গাড়ি বিকল হয়। এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে আরও অন্তত ১০টি গাড়ি বিকল হওয়ার খবর পান তাঁরা।’
মহাসড়কে নাশকতা চালানোর উদ্দেশ্যেই এসব ধারালো লোহার পাত ফেলে রাখা হয় বলেও জানান তিনি।