উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে ৩ শতাধিক ঘর

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে অন্তত ৩ শতাধিক ঘর। রোববার রাত ১টার দিকে উখিয়া ৫নং ক্যাম্পে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনলেও ৫ নম্বর ক্যাম্পের পাঁচটি ব্লকের সবঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই তারা ক্যাম্পে তিনটি ইউনিট পাঠায়। পরে অগুন নেভাতে যোগ দেয় আরও দুটি ইউনিট।

অতীশ চাকমা আরও জানান, আগুনে পাঁচ নম্বর ক্যাম্পের সবকটি ঘর পুড়ে যায়। এখানে বসতঘরের পাশাপাশি দোকান-পাটও ছিল বলে জানান তিনি।

১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল হোসেন জানান, আগুন কিভাবে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। এটি পরিকল্পিত নাকি নিছক দুর্ঘটনা তা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

গেল বছর ৩১ ডিসেম্বর রাতে ক্যাম্পে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০টি ঘর পুড়ে যায়। এ যাবতকালের সবচাইতে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০২১ সালে ২২ মার্চ। সে সময় আগুনে পুড়ে যায় ১০ হাজার ঘরবাড়ি ও দোকান। মারা যান ১১ জন রোহিঙ্গা।