বরকলে অজ্ঞাত রোগে এক মাসে ৫ জনের মৃত্যু

রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নের চান্দবীঘাট গ্রামে অজ্ঞাত রোগে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্য দ্বিতীয় শ্রেণি পড়ুয়া একশিশু রয়েছে। অজ্ঞাত এ রোগে আক্রান্ত আরও ১০-১২ জন।

বরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মংক্যছিং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মংক্যছিং মারমা বলেন, ‘মারা যাওয়া এবং আক্রান্ত কেউ হাসপাতালে আসেনি। ফলে তাঁদের তথ্য পেতে দেরি হয়েছে। আগামী বৃহস্পতিবার চান্দবীঘাটে মেডিকেল টিম পাঠানো হবে।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘আমরা ঢাকায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ধারণা করছি এটি কোনো পানিবাহিত রোগ, নাহয় খাদ্য বিষক্রিয়ায় হতে পারে।’

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছে, আক্রান্ত ব্যক্তিদের শরীরে হঠাৎ ব্যথা অনুভব হচ্ছে। তীব্র তাপমাত্রায় জ্বর আসে, বমি বমি ভাব হয়। কেউ কেউ রক্ত বমি করে। জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত ৫ জনের মৃত্যু হলেও আক্রান্ত রয়েছে ১০-১৩ জন। গ্রামের আশপাশে কোনো স্বাস্থ্যসেবা কমপ্লেক্স না থাকায় পাহাড়ি বৈদ্য-করিরাজি চিকিৎসা নিচ্ছে গ্রামবাসী।

পাড়াবাসীর বিশ্বাস, এর আগে গ্রামের অনেকে মিলে একটি পুরোনো বটগাছ কেটে ফেলেছে। গাছটি একটি ‘আধ্যাত্মিক’ গাছ হওয়ায় স্থানীয়রা অজ্ঞাত রোগে আক্রান্ত হচ্ছেন।

বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, ‘ওই এলাকায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সেখানে একটি মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি চলছে।’