বৈশাখী মেলা নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৈশাখী মেলার আয়োজন করা নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছে। তাদের ফেনী সদর, দাগনভূঞা ও সেনবাগ উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।

গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে সেবারহাট বাজারের ওয়ালিমুন্সি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. শাওন (১৮)। তিনি দক্ষিণ রাজারামপুর গ্রামের জমাদার বাড়ির মো. কচির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে স্থানীয় মাহফুজ, জোবায়ের ও সাইদুল হক মেম্বার সেনবাগের সেবারহাট বাজার ইজারা নেন। ইজারাদাররা উপজেলা প্রশাসন কিংবা থানা–পুলিশের কোনো প্রকার অনুমতি না নিয়ে আজ বৃহস্পতিবার (বৈশাখ মাসের ৫ তারিখ) বৈশাখী মেলা আয়োজনের প্রস্তুতি নেন।

বুধবার রাতে মেলায় দোকান বসানো নিয়ে আয়োজকদের অনুসারী কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। রাত সাড়ে ৮টার দিকে সেবারহাট বাজারের ওয়ালিমুন্সি সড়ক এলাকায় দুই গ্রুপ সংঘাতে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শাওন নামের এক কিশোর গ্যাংয়ের সদস্য গুরুতর আহত হন। সংঘর্ষে উভয়পক্ষের আরও অন্তত ছয়জন আহত হয়।

গুরুতর আহত শাওনকে পার্শ্ববর্তী ফেনী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যদের ফেনী ও দাগনভূঞা ও সেনবাগ উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, দুই দল কিশোর ও তরুণের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। প্রথমদিকে কেউই ঘটনা সত্যতা স্বীকার করেনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন দুই দলের সংঘর্ষে শাওন নামের এক যুবক নিহত হয়েছেন। তাঁর মরদেহ ফেনী সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।