কুমিল্লায় আইফোন না পেয়ে কিশোরের ‘আত্মহত্যা’

কয়েকদিন ধরে বাবার কাছে আইফোন চেয়ে আসছিল মৃদুল (১৭) নামের এক কিশোর। এরপর আইফোন না পেয়ে বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে বলে দাবি স্বজনদের। 

বুধবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মৃদুল ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মোমেন মিয়ার ছেলে। 

মৃদুলের মা লাভলী আক্তার একমাত্র ছেলেকে হারিয়ে কান্নাজড়িত কন্ঠে বলেন, রাতে ছেলে ভাত খেয়ে পাশের রুমে ঘুমাতে গেছে। সকালে উঠে দেখি ছেলে দুনিয়ায় নেই বলেই আবার মূর্ছা যান।

মামা সানাউল্লাহ বলেন, ‘আমার ভাগিনা আগে মাদরাসায় লেখা পড়া করতো।  কয়েকদিন ধরেই তার বাবার কাছে আইফোন চেয়েছিল। বিদেশে তার বাবা অসুস্থ থাকায় বলেছে কয়েকদিন পরে আইফোন পাঠাবে। কিন্তু ভাগিনা অভিমানে মঙ্গলবার রাতে ঘরের ভিতরেই ফাঁস দিয়েছে।’ 

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর ওমর ফারুক বলেন, ‘আইফোনের জন্য বাবার সাথে অভিমান করে নিজ শয়ন কক্ষে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মৃদুল নামে এক কিশোর। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’