রাঙামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারে বুধবার গৌতম বুদ্ধের ত্রি স্মৃতিবিজরিত শুভ বৈশাখী পূর্ণিমা পালিত হয়েছে। এ পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মলাভ, বুদ্ধত্বলাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন বলে দিনটি বৌদ্ধদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
দিবসটি উপলক্ষে আজ সকাল ৭টায় রাঙামাটি শহরে র্যালি বের করা হয়। সকাল ৯টায় রাজবন বিহারের দক্ষিণ প্রান্তে মাঠে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দানসহ নানা ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এ সময় পুণ্যার্থীদের পঞ্চশীল দান করেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। ধর্মসভার শুরুর আগে বিশ্বের সকল প্রাণীর সুখ শান্তি কামনায় বিশেষ প্রার্থণা করা হয়। ধর্মসভায় রাজবন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ–সভাপতি গৌতম দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান জ্ঞানেন্দু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।
পুণ্যার্থীরা বিহারে গৌতম বুদ্ধের প্রতিবিম্বকে স্নান করান ও বৌদ্ধ ভিক্ষুদের কাছে গিয়ে নিজের পরিবারের জন্য সুখ শান্তির প্রত্যাশায় প্রার্থনা করেন।