লক্ষ্মীপুরের কমলনগরে বাজার ইজারা না নিয়ে গরুর হাট বসালেন সালা উদ্দিন সুমন নামে এক আওয়ামী লীগ নেতা। শুক্রবার বিকেলে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস চরলরেন্স বাজারের ওই গরুরহাট পরিদর্শনে গেলে দ্রুত পালিয়ে যান সুমন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বাজার বন্ধ করে দেন।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা চরলরেন্স, মুন্সিরহাট, খায়েরহাট, ফজুমিয়ারহাট ও করুনানগর বাজারে বিধি মোতাবেক অস্থায়ীভাবে গরুর হাটের দরপত্র আহ্বান করেন। সব বাজার ইজারা হলেও গত সোমবার সালা উদ্দিন সুমন চরলরেন্স বাজারে দরপত্র জমা দেন। পরে সময় শেষ হয়ে যাওয়ায় তিনি আর ইজারা নিতে পারেননি। পরে ইজারা না নিয়ে চরলরেন্স ইউনিয়নের কমলনগর কলেজের পাশে অবৈধভাবে গরুরহাট বসান সুমন।
এ বিষয়ে মুঠোফোনে সালা উদ্দিন সুমনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস বলেন, ‘ইজারা না নিয়ে গরুর হাট বসানোর খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের আসার খবরে সুমন পালিয়ে যান। অবৈধভাবে গরুরহাট বসানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’