২০১১ সালে কুমিল্লা ব্রাহ্মণপাড়ার ছোট ধুশিয়া এলাকার সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত সকলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী এপিপি মোহাম্মদ জাকির হোসেন।
আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন জানান, নুরুল হক হত্যা মামলার এজাহারে মোট ২২ জন আসামি ছিলেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। রায় দেওয়ার সময় আদালতের এজলাসে ১১ জন আসামি উপস্থিত ছিলেন, অপর ৭ আসামি পলাতক রয়েছেন। মামলার বিচার চলাকালীন দুই আসামি মারা যান এবং দুজনকে বেকসুর খালাস প্রদান করেছেন বিচারক। এ মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
মামলার বাদী নুরুল হকের ছেলে শরিফুল ইসলাম জানান, ‘জমি জমার সংক্রান্ত বিরোধ নিয়ে সালিসের রায়ে ক্ষিপ্ত হন মামলার এক নম্বর আসামি মো. মাসুমসহ অন্যান্য আসামিরা। ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আসামিরা তাঁর বাবা নুরুল হককে ধারালো অস্ত্রের আঘাতে এবং পিটিয়ে হত্যা করেন। এই ঘটনায় ২২ জনকে নাম উল্লেখসহ আরও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এই রায়ে তিনি সন্তুষ্ট।