কুমিল্লার লাকসামে টাকা চেয়ে না পেয়ে কুপিয়ে মাকে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন ছেলে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার এলাইচ গ্ৰামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাইচ গ্রামের মৃত মৌলভী হাবিবুর রহমানের ছেলে মানসিক প্রতিবন্ধী আহসানুজ্জামান বাহার ওরফে পাগলা বাহার (৫০) প্রায়ই টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাংচুর করতেন। আজ জুমার নামাজের পরে বাসায় এসে মা নুরজাহান বেগমের (৯০) কাছে টাকা চান তিনি। টাকা না দেওয়ায় মা–ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরে থাকা দা দিয়ে মা নুর জাহান বেগমকে কুপিয়ে হত্যা করেন পাগলা বাহার।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাব উদ্দিন খান বলেন, ‘আটক আহসানুজ্জামান বাহার ওরফে পাগলা বাহার জন্মগতভাবে মানসিক ভারসাম্যহীন। তাঁকে জিজ্ঞাবাদ শেষে মামলা করা হবে।’