বাড্ডা থানা থেকে লুট হওয়া অস্ত্র কুমিল্লা বিক্রি করতে গিয়ে মো. তুহিন আলম (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাঁর কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি জব্দ করা হয়। তুহিন আলম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার খাননগর এলাকার বাসিন্দা।
রোববার কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এ বিষয়ে সিপিসি-২ এর উপপরিচালক ও কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, পুলিশের অস্ত্র লুটের সঙ্গে জড়িতদের ধরতে ব্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এই ঘটনায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি (তদন্ত ) শীবেন বিশ্বাস। তিনি জানান, র্যাব বাদী হয়ে কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।