স্বামীর বাড়ি থেকে ভিডিও কলে এসে প্রবাসী প্রেমিককে সঙ্গে নিয়ে এক নববধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার কুমিল্লার লালমাই উপজেলার এই ঘটনা ঘটে। ওই দিন রাত ১১টায় স্বামীর বাড়ি থেকে ওই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি চিরকুট পাওয়া গেছে।
গৃহবধূর বাড়ি কুমিল্লা সদর থানায়। তার বয়স ১৫ বছর। গত ১৩ সেপ্টেম্বর লালমাই উপজেলার এক আত্মীয়ের সঙ্গে তার বিয়ে হয়। জানা গেছে, বাল্যবিবাহ হওয়ায় মোবাইল কোর্ট আতঙ্কে সেদিন ঘরোয়াভাবে গোপনে বিয়ের আয়োজন করা হয়েছিল।
এদিকে প্রবাসী প্রেমিকের নাম সাফায়েত হোসেন (২৩)। তিনি ওমান থেকে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে এসে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনেরা। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের জয়নগর গ্রামের আবদুল খালেকের ছেলে।
মৃত নববধূর মা জানান, গত ১৪ অক্টোবর (সোমবার) তাদের এক আত্মীয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দেন। বিয়ের পর মেয়ে স্বামীর বাড়িতে হাসি-খুশিতেই ছিল। শনিবার রাতে হঠাৎ শুনতে পান তাঁর মেয়ে ও তার প্রেমিক সাফায়েত ভিডিও কলে এসে আত্মহত্যা করেছে।
প্রবাসী সাফায়াতের বাবা আব্দুল খালেক বলেন, ‘এক বছর আগে ছেলেকে ওমান পাঠিয়েছিলাম। কিছুদিন আগে ছেলে হঠাৎ বিদেশে কর্মস্থলে অজ্ঞান হয়ে পড়ে। খবর নিয়ে শুনলাম ফেসবুক ম্যাসেঞ্জারে আমার ছেলের সাথে উর্মি নামের এক মেয়ের পরিচয় হয়েছিল। হঠাৎ মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় সে অসুস্থ হয়ে গিয়েছিল। গতকাল শনিবার রাতে সেই মেয়ে আমার ছেলের সাথে ভিডিও কলে এসে এবং চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি।’
কান্নাজড়িত কণ্ঠে আব্দুল খালেক বলেন, ‘আমার ছেলেসহ দুটি জীবনের আলো নিভে গেল। তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বিয়ের ১৩তম দিনে নববধূ প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে শুনেছি। এছাড়া শুনেছি প্রবাসী প্রেমিকও একইভাবে আত্মহত্যা করেছে। শনিবার রাত অনুমান ১১টায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, মরদেহের পাশে হাতে লিখা একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যার পূর্বে মেয়েটি তার মা বাবার উদ্দেশ্যে চিঠি লিখেছিল। এই ঘটনায় নববধূর ভাই মেহেদী হাসান বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।