নোয়াখালী সুবর্ণচর উপজেলায় নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। আজ সোমবার চরক্লার্ক ইউনিয়নের সৈয়দপুর ঘাটে মানববন্ধন ও সমাবেশ অংশ নেন ভুক্তভোগী কয়েক হাজার নারী-পুরুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা চরক্লাক ইউনিয়নের সৈয়দপুর থেকে মোহাম্মদপুর ইউনিয়নের মনতাজখালী পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা মেঘনা নদীর অব্যাহত ভাঙনের কবল থেকে রক্ষায় দ্রুত নদীতে জিওব্যাগ ফেলার পাশাপাশি স্থায়ী ব্লকবাঁধের দাবি জানান।
এ সময় সমাবেশে বক্তরা জানান, চরক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়নে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে বিস্তীর্ণ কৃষি জমি, বাড়িঘর সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। নদী ভাঙনে সব হারিয়ে অসংখ্য পরিবার মানবেতর জীবন যাপন করছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে চরক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়ন দুটি মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল মান্নান মাসুদ, চরক্লাক ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বশির আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সচিব মোহাম্মদ আরিফুল ইসলাম অপু, মো. হোসাইন আহম্মদ গালিব, মো. হাসান, মোহাম্মদ ইসমাইল, মাওলানা মো. শাহজাহান, মো. আব্দুর রহমানসহ প্রমুখ।