বিস্ফোরক মামলায় ফেনীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাশকতা মামলার পলাতক আসামি ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে (৫৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার রাতে ফুলগাজীতে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

র‍্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পিরচালক (মিডয়া) অধিনায়ক মেজর মো. সাদমান সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, ফেনী জেলার ফুলগাজী থানায় বিস্ফোরক আইনের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি নুরুল ইসলাম ঘনিয়ামুড়া চৌমুহনী এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত রাত আনুমানিক পৌনে আটটায় ওই এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, ফুলগাজী থানার বিস্ফোরক মামলার এজাহারনামীয় পলাতক আসামী এবং ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেপ্তার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন তিনি। 

নুরুল ইসলাম ফুলগাজি থানার সদর ইউনিয়নের ঘনিয়া মোড়া গ্রামের বাসিন্দা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে ফুলগাজী থানার পুলিশের নিকট হস্তান্তর করেছে র‍্যাব।