কক্সবাজারে খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার বিকেলে নিহত টিপুর ভগ্নিপতি ইউনুস আলী অজ্ঞাত আসামি করে মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
ওসি জানান, আজ বিকেলে ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পুলিশের কাছে এখনো কেউ আটক হয়নি।
এদিকে ঘটনার পরপরই র্যাব কক্সবাজারের সম্ভাব্য জায়গায় অভিযান চালায়। বাহিনীটির হাতে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে।
কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা হলো– খুলনার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু ও কক্সবাজারে নিহত টিপুর বন্ধু মেজবাহ উদ্দিন ভুট্টু।’
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। তিনি গতকাল সকাল ৭টায় কক্সবাজারের একটি হোটেলে ওঠেন। তাঁর সঙ্গে এক নারী ছিলেন বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। তবে, গোলম রব্বানী টিপু নিহতের পর ওই নারীর কোনো হদিস পাওয়া যায়নি।