নোয়াখালীতে পিস্তল ঠেকিয়ে বাড়িতে ডাকাতি, ৪ দোকানে চুরি

কৈইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমদ কোম্পানির বাড়িতে গতকাল গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশননোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে পিস্তল ঠেকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। অন্যদিকে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় এলাকার একটি ভবনের তালা ভেঙে চারটি দোকানে চুরির ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৃথকস্থানে এসব ঘটনা ঘটে।

উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈইয়াজলা গ্রামের ছিদ্দিক আহমদ কোম্পানির বাড়িতে গতকাল গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিকের শ্যালক মহিন উদ্দিন জানান, শুক্রবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একদল ডাকাত প্রথমে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। ডাকত দল ঘরের আলমিরাতে থাকা নগদ ৩ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইলসহ ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

জানা যায়, বাড়ির মালিক ছিদ্দিক কোম্পানি চট্রগ্রামে ব্যবসা করেন। এ বাড়িতে তাঁর মেজো বোন কহিনুর বেগম পরিবার নিয়ে গত ২০ বছর বসবাস করে আসছেন। তাঁর ছেলে মিলন বিদেশ যাওয়ার জন্য দোকান বিক্রি করে নগদ ৩ লাখ টাকা জোগাড় করে রাখেন। পার্শ্ববর্তী একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ডাকাত দলে ৮ জন সদস্য ছিল।

প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনঅন্যদিকে শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় সংলগ্ন এনএস প্লাজার তিনতলা ভবনের তালা ভেঙে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময়ে নগদ ৮২ হাজার টাকাসহ ৪০ হাজার টাকার কাপড় চুরি করে নিয়ে যায় চোর।  

পৃথক দুই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ও সেনবাগ থানার ওসি মিজানুর রহমান। তারা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।