হকারদের কাছে ভাড়া রাস্তা, দুর্ভোগে এলাকাবাসী

রাঙামাটি শহরের আবাসিক এলাকা বনরূপায় হকারদের কাছে রাস্তা ভাড়া দিয়েছে একটি অসাধু চক্র। এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বছরের পর বছর দুর্ভোগের শিকার বনরূপা, বলপিয়ে আদাম, দেওয়ান পাড়া এলাকার বাসিন্দারা। পৌর প্রশাসক জানিয়েছেন, হকারদের উচ্ছেদের ব্যপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

রাঙামাটি শহরের বনরূপা আবাসিক এলাকায় গড়ে ওঠে বনরূপা বাজার। ফরেস্ট অফিস থেকে সমতা ঘাট পর্যন্ত সড়কটি ভাড়া দিচ্ছেন অসাধু একটি চক্র। প্রথমে দোকান ভাড়া নেয় চক্রটি। পরে দোকানের সামনের অংশের সড়ক ভাড়া দিয়ে হকারের কাছ থেকে চক্রটি টাকা আদায় করে।

স্থানীয়রা জানান, প্রতিদিন ভোর হলেই সড়ক দখল করে ভাসমান ফেরিওয়ালারা দোকান বসিয়ে বিক্রি করে মাছ, মাংস, সবজি। এতে প্রতিনিয়তই সড়কে চলাচল করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে। তবে এ ব্যাপারে কেউ ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে রাঙামাটির বনরূপা উত্তর বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির সভাপতি বিজয়গিরি চাকমা বলেন, জনদুর্ভোগ কমাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হলেও সুফল মিলছে না। 

হকারদের উচ্ছেদের বিষয়ে রাঙামাটি পৌরসভার ভারপ্রাপ্ত পৌর প্রশাসক নাসরীন সুলতানা জানান, পৌরসভার পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।