ঘন কুয়াশার কারণে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাসসহ আটটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার জিংলাতলী থেকে আমিরাবাদ মোড় পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ র্যাকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। চট্টগ্রামমুখী লেনে যানবাহনের একটু বাড়তি চাপ লক্ষ্য করা গেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার বলেন, ‘ঢাকামুখী লেনে বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে। কুয়াশার কারণেই এসব দুর্ঘটনা। তবে দুর্ঘটনায় আহত হয়েছে এমন কেউ আমাদের কাছে রিপোর্ট করেনি। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানোর কাজ চলছে।’
দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোর মধ্যে ৪টি বাস, দুইটি ট্রাক, একটি মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকার রয়েছে। এসব দুর্ঘটনায় যাত্রীরা গুরুতর আহত না হলেও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশার কারণে দাউদকান্দির আমিরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। সংঘর্ষে আরেকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
আমিরাবাদ এলাকার এক বাসিন্দা জানান, ভোরে মহাসড়কে ঘন কুয়াশার কারণে অল্প দূরত্বের কিছুই দেখা যাচ্ছিল না। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অন্যান্য গাড়িগুলোর একটার সঙ্গে আরেকটার ধাক্কা লাগে। তবে কেউ মারা যায়নি।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের দাউদকান্দি উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ‘পৃথক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে কেউ প্রাণ হারাননি। যারা আহত হয়েছেন তারা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা নিয়ে চলে গেছেন।