চট্টগ্রামের আনোয়ারার কর্ণফুলী থেকে বন্যহাতি সরানোর দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে কর্ণফুলী কোরিয়ান ইপিজেডের সামনে অবস্থান নিয়ে পিএবি সড়কে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা।
এতে, সড়কের দুপাশে যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন পথচারীসহ কেইপিজেডের হাজার হাজার কর্মচারী। পরে যৌথবাহিনীর সঙ্গে আলোচনার পর পাঁচ ঘণ্টা শেষে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ মোহাম্মদ বলেন, ‘হাতি হটাও, মানুষ বাঁচাও’—স্লোগানে হাতি অপসারণের এক দফা দাবি ঘোষণা করেন স্থানীয়রা। খাদ্য সংকট ও হাতির অভয়ারণ্য ধ্বংস করে শিল্প কারখানা গড়ে তোলায় লোকালয়ে হাতি চলে আসছে বলে অভিযোগ তাদের। এতে ফসলি জমি নষ্টের পাশাপাশি মানুষের ওপর হাতি হামলা করায় আজ সকাল থেকে সড়ক অবরোধ করে স্থানীয়রা।
শরীফ মোহাম্মদ বলেন, ঈদের পর এই সমস্যা নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ব্যাপারে আশ্বাসের পর বেলা সোয়া ১১টার দিকে স্থানীয়রা সড়ক থেকে সরে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।
গত ২১ মার্চ রাতে হাতির শুরের আঘাতে ৩ মাস বয়সী এক শিশু মারা যায়। এই ঘটনায় পরদিন হাতি অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন স্থানীয়রা। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও গত ৪ দিনে দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখায় আজ তারা আবারও সড়ক অবরোধ করে।