লক্ষ্মীপুরে চোর সন্দেহে শ্রমিকদলের এক নেতাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোরবার রাতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি আজ সোমবার দুপুরে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গণপিটুনিতে নিহতের নাম রাজু হোসেন। তিনি চররুহিতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক ছিলেন। আজ দুপুরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাত আড়াইটার দিকে সদর উপজেলার সবুজের গোঁজা নামক এলাকায় কবির হোসেনের বাড়িতে রাজু হোসেন প্রবেশ করেন। এ সময় অটোরিকসা চুরি করার অভিযোগ তুলে রাজুকে ধরে গণপিটুনি দেয় কবির হোসেনের নেতৃত্বে স্থানীয়রা।
রাজুকে রাতভর কয়েকদফা মারধর করা হয়। এক পর্যায়ে রাজু হোসেন গুরুতর আহত হয়ে পড়লে সকালে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর রাজু হোসেন মারা যান। পরে পুলিশ হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত রাজু হোসেন ওই এলাকার সবুজ মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, এ ঘটনায় কবির হোসেনসহ তিনজনকে আটক করা হয়েছে।
চররুহিতা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘রাজু হোসেন চররুহিতার ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। গতকাল রাতের আঁধারে কবির হোসেন নামে এক ব্যাক্তির অটোরিকসা চুরির অপবাদ দিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চুরির সঙ্গে কোনভাবেই জড়িত নয় রাজু।’ এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চোর হলেও কাউকে পিটিয়ে হত্যা করে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির হোসেনসহ তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে। চোর নাকি অন্য কোনো ঘটনায় এই হত্যাকাণ্ড, সে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।