নোয়াখালীতে মধ্যরাতে আগুনে পুড়ল ৮ দোকান

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া উত্তর বাজারে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের কোটি টাকার ক্ষতি হয়েছে।

আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ। 

ফায়ার সার্ভিসের এই কর্মকতা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আমিশাপাড়া উত্তর বাজারের একটি দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বাজারের আটটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, শত্রুতা করে কেউ তাদের দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।