চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
আজ শুক্রবার বিকেল তিনটার দিকে ওই কারখানায় আগুন লাগে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আবদুর রাজ্জাক জানিয়েছেন, দুপুর আনুমানিক তিনটার দিকে স্থানীয় লোকজন কর্ণফুলী ইপিজেডের জায়েন্ট অ্যাক্সেসরিজ নামে একটি প্রতিষ্ঠান থেকে প্রথমে ধোঁয়া ও পরে আগুন জ্বলতে দেখে।
পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ঘটনাস্থলের চারপাশের আগুনের পাশাপাশি প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে, আগুন নেভাতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলে ইতোমধ্যে সেনাবাহিনী এবং নৌবাহিনী এসে পৌঁছেছে। একই সঙ্গে সেখানে ফায়ার সার্ভিসের আরও ইউনিট বাড়ানো হচ্ছে বলে জনাা গেছে। আগুনের বিস্তার অন্যকোনো কারখানায় ছড়িয়ে পড়েছে কিনা সে বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য মতে সেখানে একটি ফোম কারখানা এবং আরেকটি অ্যাক্সেসরিজ কারখানা রয়েছে। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।