নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নৌকা ডুবে আদিবা ইসলাম (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ ঘটনা হয়।
মৃত আদিবা পূর্ব চাঁদপুর গ্রামের সাইফুল ইসলাম সুমনের মেয়ে। সে স্থানীয় বজরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আদিবা দুপুরের দিকে আরও ৪-৫ জন শিশু-কিশোরীকে নিয়ে বাড়ির পাশের জলাশয়ে নৌকায় ঘুরতে বের হয়। জলাশয়ের মাঝামাঝি নৌকাটি উল্টে ডুবে যায়। তাৎক্ষণিক অন্যরা উঠে আসলেও আদিবা পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’