লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের এক দিন পর ডোবা থেকে মো. হারুন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের পূর্ব সাগরদি গ্রামের জবেদ আলী চৌকিদার বাড়ির সুপারি বাগানের ডোবায় মরদেহটি পাওয়া যায়।
মো. হারুন ওই গ্রামের আতরেজ্জামানের ছেলে। গতকাল সোমবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। পেশায় রাজমিস্ত্রি হারুনের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহতের ছেলে আবদুর রহিম বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। সোমবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গ্রামের লোকজন সকালে বাড়ির পাশে সুপারি বাগানের ডোবায় বাবার মরদেহ দেখতে পেয়ে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বাবার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মুখে বিষ জাতীয় পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিক রোগী হিসেবে চিকিৎসা নিচ্ছিলেন। পরিবারের কারো কোনো অভিযোগ নেই। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।