বাঘাইছড়িতে সেনা অভিযানে একে-৪৭ রাইফেলসহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং নরেন্দ্র কারবারি পাড়ায় সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে ভয়াবহ গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত সোমবার দিনগত ভোর রাতে এ গোলাগুলি হয় বলে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধীন সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মো. মাসুদ রানা (পিএসসি) সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

লেফটেনেন্ট কর্নেল মো. মাসুদ রানা বলেন, ‘সেনাবাহিনী অভিযানে  ইউপিডিএফ পিছু হটে। পরে  ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় অস্ত্র গোলাবারুদ ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এসব হলো– ১টি একে-৪৭ রাইফেল, গাদা বন্দুক ৩টি, এলজি ১টি, ম্যাগাজিন ১টি, তাজা গুলি ৬টি, গুলির খালি খোসা ৪২টি, ওয়াকি–টকি সেট ৪টি, স্পাই পেন ক্যামেরা ৩টি, চাঁদাবাজির রশিদ বই, ইউপিডিএফের দলীয় পতাকা ও আর্ম ব্যান।’

গোলাগুলির ঘটনা জানতে চাইলে ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলা সমন্বয়ক অক্ষয় চাকমা ইনডিপেনডেন্টকে বলেন, ‘মাচালং নরেন্দ্র কারবারি পাড়ায় ইউপিডিএফের কোনো কার্যক্রম নাই। সেনাবাহিনী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইউপিডিএফকে দায় দিচ্ছে। এটি সাজানো নাটক। স্থানীয়দের সঙ্গে কথা বললে আরও বিস্তারিত জানতে পারবেন।’

এদিকে, সেনাবাহিনীর সংবাদ সম্মেলনের পর ঘটনার ইউপিডিএফ বাঘাইহাট উজো বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।