খাগড়াছড়ির দীঘিনালায় গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রমেশ চাকমা (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের দীঘিনালা বাঘাইহাট সড়কের শুকনাছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন বলেন, ‘গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। যে এলাকায় বিদ্যুৎসংযোগ রয়েছে সেসব এলাকায় গাছের ডাল কাটার পূর্বে আমাদেরকে জানালে আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখি।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে একজন মৃত্যু হয়েছে, বিষয়টি আমরা শুনেছি। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে থানায় আসেনি।’