রাঙামাটিতে পাহাড় ধসে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক

ভারী বর্ষণে পাহাড় ধসে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার দুপুর ১টা থেকে যানবাহন চলাচল শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সড়ক ও জনপদে বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান। এর আগে রোববার সকাল থেকে পাহাড় ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ভারী বর্ষণে সড়কের বেশ কিছু জায়গায় পাহাড়ে মাটি ধসে পড়েছে। চলতি মৌসুমে কয়েকবার এমন ঘটনা ঘটেছে। সড়ক বিভাগের কর্মীরা মাটি সরিয়ে নেওয়ায় দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
 

স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকে ভারী বৃষ্টিতে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে সড়কে পড়ে। এতে ওই রাস্তায় ছোট-বড় সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, গতকাল রাত ভারী বৃষ্টি ছিল। ভোরের দিকে পাহাড়ের মাটি ধসে সড়কের তিনটি স্থানে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। সড়ক বিভাগের পাশাপাশি স্থানীয়রাও মাটি সরানোর কাজ শুরু করে। আজ দুপুর ১টা থেকে যানবাহন চলাচল করছে।