পাহাড়ি ঢলে বন্ধ থাকার একদিন পর সাজেকে যান চলাচল শুরু 

পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সড়কে ডুবে সাজেকে যান চলাচল বন্ধ থাকার একদিন পর পুনরায় শুরু করেছে। আজ বুধবার সকাল ১১টার দিকে সড়ক থেকে পানি নেম যাওয়ায় যানবাহন চলাচল শুরু করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।

ইউএনও বলেন, মঙ্গলবার সাজেকে ৩৪১ পর্যটক আটকে ছিল। অনেকে সাজেকে বেড়াতে এসে সড়কে পানির কারণে বাঘাইহাট থেকে খাগড়াছড়ি ফিরে গেছেন। বৃষ্টি না থাকায় সকাল থেকে মাচালং বাজার, সীমানাছড়া ও বাঘাইহাট বাজার থেকে পানি নেমে যেতে শুরু করে। আজ সকাল ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আটকে পড়া পর্যটকেরা খাগড়াছড়ি ফিরতে শুরু করেছেন। 

এর আগে মঙ্গলবার খাগড়াছড়ি-সাজেক সড়কের মাচালং বাজার এলাকায় সড়ক ডুবে যাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্রের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানায়, বিগত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সাজেকে মাসালং বাজার এলাকা রাস্তা এবং মাচালং ছড়ার ওপর ব্রিজ পানিতে ডুবে যায়। এতে মাচালং বাজারের ঢালু রাস্তায় ও ব্রিজে প্রায় চার থেকে পাঁচ ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। মাচালং থেকে সাজেকগামী পর্যটকবাহী সকল গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়া অনেক পর্যটক সড়কে ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করেন। যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন তারা পুনরায় সাজেকে ফিরে যান। সড়ক থেকে পানি নেমে গেলে আজ সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়।