বান্দরবানের কেএনএর ঘাঁটিতে সেনা অভিযান, প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এসময় কাঠের রাইফেল, স্নাইপারের সিলিংসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। 

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমার দুর্গম এলাকায় ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চালানো হয়। এসময় সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় কেএনএ’র একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে। পরে তল্লাশি অভিযানে প্রশিক্ষণে ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপারের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, ইউনিফর্ম, বুট, কম্বলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

এছাড়াও, সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয়।

ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।