চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সংঘর্ষের পর নারী শিক্ষার্থীদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্যাম্পাসভিত্তিক ‘নারী অঙ্গন’ নামে একটি সংগঠন।
বুধবার বিকেলে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংগঠনের নেত্রী সুমাইয়া সিকদার জানান, সংঘাতের পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারী শিক্ষার্থীদের নিয়ে নানা কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে হেনস্থা করা হচ্ছে।
এই পরিস্থিতিতে প্রশাসনের কঠোর উদ্যোগ দাবি করেন তিনি।
গত শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এক দারোয়ানের সাথে এক ছাত্রীর কথা-কাটাকাটি ও ছাত্রীকে থাপ্পড় দেওয়ার জেরে স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে প্রায় ২৫০ জন আহত হয়। অন্যদিকে, শিক্ষার্থীরা জোবরা গ্রামে ব্যাপক ভাঙচুর চালায়।