আজ মঙ্গলবার দুপুর ২টায় কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মোবারক হোসেন জেলার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।
এসপি মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, ‘ঝাড়ফুঁক করার সুবাদে মোবারক হোসেন সুমাইয়া আফরিনদের বাসায় যাতায়াত করতেন। গত রোববার সকাল সাড়ে ৮টায় নগরীর কালিয়াজুরি এলাকায় নেলি কটেজ নামক বাসায় প্রবেশ করেন মোবারক। এরই মধ্যে মোবারক তাদের বাসায় ঝাড়ফুঁক করে পানি ছিটিয়ে বের হয়ে যায়। আবার বেলা সাড়ে ১১টায় ওই বাড়িতে প্রবেশ করে, যা সিসিটিভি ক্যামেরায় দেখা যায়।’
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, র্যাব ও পুলিশ পৃথক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখে মোবারককে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত সুমাইয়া আরফিন (২৩) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী। তিনি কুমিল্লা নগরীর সুজানগর এলাকার বাসিন্দা ও কুমিল্লা আদালতের সাবেক হিসাবরক্ষক মৃত নুরুল ইসলামের মেয়ে। তারা গত চার বছর যাবত নগরীর কালিয়াজুরি এলাকায় নেলি কটেজের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। গত সোমবার সকালে ওই বাসা থেকে সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। মা ও বোনের হত্যাকাণ্ডের ঘটনায় বড় ভাই ফয়সাল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।