কক্সবাজারের সেন্টমার্টিন সমুদ্র উপকূলে সাগরে মাছ ধরার সময় আরও ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গতকাল মঙ্গলবার সকালে দুটি ট্রলারসহ তাদের অপহরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ বলেন, কায়ুকখালী ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। এর মধ্যে মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন দুটি ট্রলারে ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায় আরকান আর্মির সদস্যরা।
সাজেদ আহমেদ বলেন, ‘প্রায় সময় আরাকান আর্মির অপহরণের ঘটনায় জেলেদের মধ্যে ভয় এবং শঙ্কা তৈরি হচ্ছে। সাগরে মাছ শিকার এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অপহরণ বন্ধে সরকারের সহযোগিতা চাই।’
এর আগে গত ১২ সেপ্টেম্বরও আরাকান আর্মি পাঁচটি ট্রলারের ৪০ মাঝিমাল্লাকে অপহরণ করেছিল। তাদের মধ্যে ১৭ জন কৌশলে পালিয়ে এলেও বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া আরও ১১৮ জেলে এখনও ওই গোষ্ঠীর হাতে বন্দি আছেন।
ট্রলার মালিকদের হিসাব মতে, গেল বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট ২৪২ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে ১২৪ জনকে ফেরত এনেছে আইনশৃঙ্খলা বাহিনী।