বাসচাপায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে বাসচাপায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামের এক হেফাজত নেতা মৃত্যুর ঘটনায় হাটহাজারী এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে হাটহাজারী মাদ্রাসা ও কলেজ রোড এলাকায় সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। আটকা পড়েছে শত শত গাড়ি।

অবরোধকারীদের দাবি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী সদস্য ও আল হিকমা মাদ্রাসার সাবেক মুহতামিম মাওলানা সোহেল চৌধুরীকে পরিকল্পিতভাবে বাস চাপা দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সড়কে অবস্থান নেয় তারা।

এরআগে, মঙ্গলবার বিকেলে রাউজান থেকে মোটরসাইকেল করে হাটহাজারী আসার পথে রাউজান উপজেলায় বাসচাপায় গুরুতর আহত হন সোহেল চৌধুরী। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসচালককে আটক ও বাসটিকে জব্দ করা হয়েছে। 

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক সাংবাদিকদের জানান, হেফাজত কর্মীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।