চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ইমাম হোসেন আকাশ নামে এক ছিনতাইকারীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আকাশকে ছিনিয়ে নেয় কয়েকজন ছিনতাইকারী। পরে অভিযান চালিয়ে আকাশসহ ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বন্দর এলাকায় এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করে জনগণের গণপিটুনির শিকার হন ছিনতাইকারী ইমাম হোসোন আকাশ। এরপর তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এক পর্যায়ে ছিনতাইকারী আকাশের ‘নিজস্ব বাহিনী’ হাসপাতালে গিয়ে পুলিশকে ছুরিকাঘাত করে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনার পর পাঁচলাইশ থানা পুলিশ রাতভর অভিযান চালায়। অভিযানে পতেঙ্গা এলাকা থেকে আসামী আকাশসহ চক্রের ৭ সদস্যকে নগরীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান বলেন, ‘চট্টগ্রাম ছিনতাইকারী আকাশের আছে নিজস্ব বাহিনী। সম্পর্কে যাদের সবাই তাঁর আত্মীয়-স্বজন। এমনকি স্ত্রী, আপন ভাই, চাচি, ফুফু রয়েছে এই চক্রে। আকাশের বিরুদ্ধে চুরি-ছিনতাইয়ের ডজনখানেক মামলা রয়েছে।’