মেয়ের আকিকা অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল বাবার

খাগড়াছড়ির গুইমারায় মেয়ের আকিকা অনুষ্ঠানে ফ্যান লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রুবেল(৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন মাইক্রোবাসের চালক। গকাল বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, রুবেল সাত দিন আগে কন্যা সন্তানের বাবা হন। নবজাতকের আকিকা উপলক্ষে ঘরে উৎসবমুখর পরিবেশ ছিল। আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে রান্না-বান্নার কাজও প্রায় শেষ পর্যায়ে। এ সময় রুবেল গরম থেকে সবার স্বস্তির জন্য ফ্যানের লাইন ঠিক করতে গিয়ে হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরতর আহত হন। তাকে প্রথমে মানিকছড়ি হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তার মৃত্যুতে আনন্দের মুহূর্ত নিমিষেই পরিণত হয় বিষাদে। স্ত্রীসহ স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।

স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক চৌধুরী বলেন, ‘ডেকোরেশন থেকে আনা ফ্যানের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে রুবেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।’