লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর গ্যাং সদস্যেদের হামলায় মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত জোবায়ের হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে রায়পুর থানার পুলিশ।
গ্রেপ্তার জোবায়ের রায়পুর উপজেলার উদমারা গ্রামের আবদুর রহিমের ছেলে। স্থানীয় কিশোর গ্যাং সদস্যের প্রধান হিসেবে পরিচিত জোবায়ের গতকাল শুক্রবার রাতের ফ্লাইটে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইঁয়া। তিনি জানান, গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে উদমারা গ্রামে ছেলেকে ঢিল মারার প্রতিবাদ করেন জাহাঙ্গীর হোসেন স্ত্রী রাজিয়া বেগম। এ ঘটনাকে কেন্দ্র করে জোবায়ের হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরসহ পরিবারের চারজনকে কুপিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর গত দেড় মাস আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাহাঙ্গীর হোসেন।
ওসি জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিসিয়াল আদালতে যোবায়েরসহ ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে আসামি যোবায়েরকে গ্রেপ্তার করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, জোবায়েরের নেতৃত্বে অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল স্থানীয়রা। বাড়িঘরে হামলা-ভাংচুর ও লোকজনকে কুপিয়ে আহত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করে এলাকাবাসী।