মাদকমুক্ত সমাজ গড়তে রাজনীতিবিদদের সঙ্গে আলেম-ওলামাদেরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরে শানে-সাহাবা খতিব ফাউন্ডেশনের ইমাম-খতিব কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, ‘দেশের প্রতিটি প্রান্তরে মাদকের বিস্তার লাভ করছে। মাদকের কারণে যুব সমাজ ও উঠতি বয়সী তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে হবে। এটা থেকে সমাজকে রক্ষা করতে হবে। এটার জন্য বড় ভূমিকা রাখতে হবে ইমাম ও খতিবদের। রাজনীতিবিদদের সাথে আলেম ও ওলামাদের এগিয়ে আসতে হবে। সবার প্রচেষ্টা সমাজকে মাদকমুক্ত করা সম্ভব।’
বিএনপির এই নেতা বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, দমন-পীড়ন থেকে রেহাই পায়নি এদেশের ইমাম, খতিব, আলেম ও ওলামারা। সমাজে মানবতার কল্যাণে কাজ করা, ন্যায় প্রতিষ্ঠা করা এবং সমাজে শান্তি বজায় রাখার জন্য আলেম ও ওলামাদের ভূমিকা অপরিসীম। ইসলামের আলোকে সমাজে ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। তাহলে সমাজে অশান্তি-হানাহানি ও মারামারি দূর হবে।’
এ্যানি আরও বলেন, ‘রাষ্ট্রের সংস্কার করি, যত রাজনীতি সংস্কার করি বা নাগরিক উন্নয়নের কথাই বলি। যদি সমাজে সম্মান না থাকে, তাহলে লাভ হবে কি? আমরা অনেক পিছিয়ে যাবো। তাই সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়তে চাই, দেখতে চাই। ইমাম-খতিবরাই পারেন অন্ধকার থেকে সমাজকে আলোর পথে নিয়ে যেতে।’
এ সময় আরও বক্তব্য রাখেন শানে-সাহাবা খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্যাহ তারেকী, টুমচর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী, জেলা জামায়াতের সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ, মাওলানা মুজাহিদুল হক ও মাওলানা হাবিব উল্যাহসহ অনেকে।