খাগড়াছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিক্ষকের

খাগড়াছড়ির পানছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় সেনা রঞ্জন ত্রিপুরা (২৬) নামের একজন শিক্ষক নিহত হয়েছেন। গতকাল শনিবার ৪টার দিকে বাবুরোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে চট্টগ্রাম ম্যাক্স হসপিটালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সেনা রঞ্জন ত্রিপুরা পানছড়ি উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। চিনালা চিগোন চানপাড়া এলাকার বাসিন্দা। সেনা রঞ্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (১৩-১৪) সেশনের সংস্কৃত বিভাগের সাবেক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল ৪টার দিকে স্কুল ছুটির পরে বাড়িতে ফেরার সময় রাস্তায় পেছন থেকে একটি বেপরোয়া মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার খাগড়াছড়ি সদর হসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। পরে সিটিস্কেন করার পর কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রামে পাঠান। রাত ১০টার দিকে চট্টগ্রাম ম্যাক্স হসপিটালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

লোগাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রত্যত্তুর চাকমা বলেন, চারমাস আগে লোগাং উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছিল সেনা রঞ্জন ত্রিপুরা। দুর্গম এলাকার সাধারণ একটা পরিবার থেকে অনেক কষ্ট করে উঠে এসেছে ছেলেটি। পরিবারে তাঁর ওপর নির্ভরশীল বৃদ্ধ বাবা-মা। তাঁর দুই শিশু সন্তান রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেননি।